মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ ওয়াহিদুল ইসলামকে হাতের লেখা একটি বেনামা পত্রে প্রাণনাশসহ ক্ষতিসাধনের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় ডাকযোগে পত্রটি তিনি হাতে পান। ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। নাম ও ঠিকানাবিহীন এক পৃষ্ঠার চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। খামের উপর লাল কালি দিয়ে লেখা ছিল অতি গোপনীয় বিষয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো অপশক্তি জেলা প্রশাসককে দমাতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। এদিকে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও এক ওসিকে হুমকি
ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শামীম হাসানকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
ফরিদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া জানান, রেজিস্ট্রি ডাকযোগে একটি চিঠি পেয়েছি, লাল কালি দিয়ে লেখা চিঠিতে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে হুমকি দেয়া হয়েছে। রাতে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যে কোন মূল্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এর ব্যত্তয় ঘটানো যাবে না।
তিনি আরো জানান, এই ঘটনায় আমি বা আমার টিমের কেউই বিচলিত নই। বরং যারা চিঠি পাঠিয়েছে তারাই ভীত, নইলে তো সামনে এসেই কথা বলতো।
এ প্রসঙ্গে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শামীম হোসেন জানান, চিঠি পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। লাল কালির চিঠিতে পরিবারকেও হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, হুমকির পর নিরাপত্তা বাড়ানো হয়েছে, একইসাথে কারা বিষয়টি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
