ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলের গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করে আলোচনায় আসা বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় এবার প্রার্থীদের বাড়ি যাচ্ছেন ও খোঁজখরব নিচ্ছেন। তবে হঠাত্ করে এই তত্পরতা নিয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন তিনি।
জানা যায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় নবীনগরে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন। যোগদান করেই তিনি আওয়ামী লীগ প্রার্থীর সাথে গোপন বৈঠক করে বিতর্কিত হন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদিন সকল প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন। এ দিকে হঠাত্ এই খোঁজখবর নেওয়া নিয়ে আবারও তিনি সমালোচনা মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, গোপন বৈঠকের দুর্নাম থেকে বাঁচার জন্য তিনি লোক দেখানো এই তত্পরতা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান ওসি রনোজিত রায় মিশন নিয়েই নবীনগরে এসেছেন। প্রথম বৈঠকেই তিনি ধরা খেয়ে গেছেন। চাপে পড়েই তিনি এখন আমাদের খোঁজখবর নিচ্ছেন।
যদিও নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার জন্য খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ১৬ ডিসেম্বর মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলের গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করেন রনোজিত রায়।
