ফের বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত পুতিনের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:২১

বিবাহ বিচ্ছেদের পাঁচ বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন বলে জানিয়েছে রয়টার্স।

বিয়ের কথা বললেও কাকে জীবনসঙ্গী বানাচ্ছেন, পুতিনের কাছ থেকে এর উত্তর না পাওয়ায় নিশ্চিত হওয়া যাচ্ছে না কে হতে যাচ্ছেন রাশিয়ার পরবর্তী ফার্স্ট লেডি। “একজন সম্মানিত ব্যক্তি হিসেবে, আমার এটা (বিয়ে) করা উচিত,” সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসতে হাসতে বলেন পুতিন। ৬৬ বছর বয়সী পুতিন সাধারণত ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। ১৯৮৩ সালে তিনি লুদমিলা পুতিনাকে বিয়ে করেছিলেন; ২০১৩ সালে ওই সম্পর্কের ইতি ঘটে। রুশ প্রেসিডেন্টের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়া কেউই রাজনীতির পথে আসেননি। ত্রিশের ঘরে থাকা এ দুই মেয়েসহ পুতিনের পরিবারের অন্য সদস্যরাও গণমাধ্যম ও সরকারি বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন।

লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পুতিনের নতুন বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। রাশিয়ার একটি দৈনিকে সাবেক এ কেজিবি কর্মকর্তার সঙ্গে অলিম্পিকে অংশ নেওয়া জিমন্যস্ট অ্যালাইনা কাবায়েভার সম্পর্ক আছে বলে সংবাদ প্রকাশ হলেও পুতিন তা অস্বীকার করেছিলেন।