সাতক্ষীরা জেলার তালায় স্কুলছাত্র তাপস বিশ্বাসকে (১০) হত্যার অপরাধে অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হত্যা করে শিশুটির লাশ মাটিতে পুঁতে গুম করার চেষ্টা করায় তাকে আরো তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসামির উপস্থিতিতে সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন। অশোক তালা উপজেলার রাঢ়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে। পিপি অ্যাডভোকেট তপন কুমার দাস জানান, ২০০৭ সালের ১৭ মার্চ তালার রাঢ়িপাড়ার মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে তাপসকে অপহরণ করা হয়। তাপস রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। অপহরণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশের পুকুরপাড়ে পুঁতে রাখা হয়। এদিকে, শিশুটি অপহরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পরদিন তার লাশ উদ্ধার করে। একই সময় গ্রেফতার করা হয় অশোকসহ কয়েকজনকে।
