কালিয়ায় সড়কের আতঙ্ক নছিমন-করিমন!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫০

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ার মানুষের কাছে এখন সড়কের আতঙ্ক বলে ব্যাপক পরিচিতি লাভ করেছে নছিমন ও করিমন। সরকারের নিষিদ্ধ ঘোষিত ঐ দুটি যানবাহন উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের আনাচে-কানাচে মালামাল ও মানুষ বোঝাই করে হরহামেশাই দাপিয়ে বেড়াচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার প্রধান সড়কগুলোসহ পৌর শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাপটের সঙ্গেই চলছে নিষিদ্ধ ঘোষিত নছিমন ও করিমন নামের ঐসব যানবাহন। শুধু যাত্রী বহন নয়, ইট ও বালুসহ নানা ধরনের মালামাল বোঝাই করে অবাধে চলছে যানবাহনগুলো। এতে সড়কগুলোতে দুর্ঘটনাও দিন দিন বেড়েই চলেছে।

নছিমন ও করিমন  তৈরির স্থানীয় কারখানা মালিক ও কর্মচারীরা জানান, শ্যালো মেশিন দিয়ে একটি নছিমন তৈরিতে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ও করিমন তৈরিতে ৭০ হাজার টাকা ব্যয় হয়। নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে সরকারে রেজিস্ট্রেশন পাওয়া যায় না। আবার ঐসব গাড়ি চালানোর জন্য কোনো প্রশিক্ষিত চালকের প্রয়োজন হয় না বলে তারা জানিয়েছেন।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঐসব যানবাহন চলাচল সম্পূর্ণ অবৈধ। জেলা ও উপজেলা প্রশাসন চাইলে পুলিশ সেগুলোকে বন্ধে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা উপজেলায় নছিমন ও করিমন অবাধে চলার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার প্রধান সড়কগুলোতে ঐসব নিষিদ্ধ ঘোষিত যানবাহনের চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।