শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ আবার অন্ধকারে চলে যাবে :কাদের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় না আসলে উন্নয়নের অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। দেশ আবারও অন্ধকারে চলে যাবে। শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে দেশের প্রত্যেক গ্রামকে শহরে পরিণত ও প্রত্যেক পরিবারের একজন বেকার যুবককে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে ও বিকালে ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার কে.টি.এম হাট, দাসের হাট ও চৌধুরীহাট এবং বিকালে কবিরহাট উপজেলার       চাপরাশিরহাট ও বালুয়াদীঘিসহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন।

নির্বাচনে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা আছে কূটনীতিকদের সঙ্গে, তারা আছে মিডিয়ার সঙ্গে, নেই তারা মাঠে। তারা জানে নিশ্চিতভাবে তারা নির্বাচনে পরাজিত হবে। সে কারণে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে। যতই দিন যাচ্ছে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা আজকে এসব অবান্তর অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।

নৌকা প্রতীকে ভোট চেয়ে কাদের বলেন, আমি গত ১২ বছর এ এলাকায় রাস্তাঘাট পাকা করেছি, ব্রিজ-কালবার্ট, স্কুল, কলেজের ভবন নির্মাণ করেছি, বিদ্যুত্ সংযোগ দিয়েছি। ক্লোজার নির্মাণ করে নদী ভাঙনের হাত থেকে এলাকার মানুষকে রক্ষা করেছি। গত নির্বাচনে আপনাদেরকে দুটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। একটি বিদ্যুত্ সংযোগ, অন্যটি রাস্তা পাকাকরণ। এ দুটি কাজ শতভাগ করে দিয়েছি। এত উন্নয়ন অন্য কোনো সরকারের আমলে হয়নি। আমি আজ দুটি প্রতিশ্রুতি- দিচ্ছি প্রত্যেক ঘরের একজন বেকার যুবককে চাকরি এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবো। ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত ও জয়যুক্ত করতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি ।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরারল হক রায়হান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক নাজিম, ব্যবসায়ী লোকনাথ ভৌমিক, সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।