মির্জাপুরে ট্রেনে ডাকাতির প্রস্তুতির সময় ১০ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৮

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

যাত্রীবাহী ট্রেনে ডাকাতির প্রস্তুতির সময় ১০ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর রেল স্টেশন সংলগ্ন পুষ্টকামুরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছে—সীমান্ত (২৫), বিল্লাল (২১), অনিক (২৩), আমীর  (২৩), জনি (১৯), রবিন-১ (২৩), গিয়াস (২৫), বুলবুল (২১), রবিন-২ (২৪) এবং এরশাদ (২০)। এদের বাড়ি মির্জাপুর, পুষ্টকামুরী এবং পাকুল্যা বলে জানা গেছে।

মামলার বাদী এবং মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোরাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন মির্জাপুর রেল স্টেশন সংলগ্ন পুষ্টকামুরী এলাকায় একদল ডাকাত যাত্রীবাহী ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমানকে জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে একদল পুলিশের সহযোগিতায় মির্জাপুর রেল স্টেশন সংলগ্ন পুষ্টকামুরী এলাকা ঘেরাও করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে। এ সময় ডাকাত দলের সদস্যদের নিকট থেকে ডাকাতির জন্য বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। আজ শুক্রবার ডাকাত দলের সদস্যদের সাত দিনের রিমান্ডের আবেদন করে কোর্টে পাঠানো হয়েছে।