চট্টগ্রামে মহাজোট প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। গতকাল শুক্রবার হওয়ায় প্রার্থীরা দুপুরে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিমুখী সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা অব্যাহত রাখতে গণসংগ্রাম অব্যাহত রাখতে হবে। এই লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির রাজনৈতিক সরকারকে বার বার ক্ষমতাসীন করতে হবে। তাই আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিন। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল অনুষ্ঠিত চবির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার, প্রফেসর ড. সেকান্দার চৌধুরী প্রমুখ। 

নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা মইনউদ্দীন খান বাদলের পক্ষে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়। ওয়াজেদিয়াস্থ বাদশা কনভেনশন সেন্টারে গণসংযোগপূর্ব সমাবেশে মইনউদ্দীন খান বাদল বলেন, সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজকের গণসংযোগ গণজোয়ারে পরিণত হয়েছে। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে ১৪ দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনার উদাত্ত আহ্বান জানান। গণসংযোগে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ। চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানার ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের মেহের আফজল স্কুল প্রাঙ্গণ থেকে সকালে গণসংযোগ শুরু করেন এম এ লতিফ এমপি। গণসংযোগটি বাকেরআলী ফকিরের টেক-কলসী দিঘীর পাড়-ইপিজেড-বন্দরটিলা আলীশাহ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। তিনি বিকালে ৩৬নং ওয়ার্ড পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় বেচাশাহ মসজিদ কমপ্লেক্সে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। গণসংযোগকালে এম.এ লতিফ এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামূল হক চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আফছারুল আমীনের সাথে আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি উর্দুভাষীদের সঙ্গে বিকালে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উর্দুভাষীরা তাদের বক্তব্যে বলেন, ৭১ সালে আটকে পড়া পাকিস্তানি উর্দুভাষীদের আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নাগরিকের মর্যাদা দান করায় জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ। নৌকা মার্কা প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সকল বাংলাদেশী উর্দুভাষী ঐক্যবদ্ধ হয় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উর্দুভাষীদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউএসপি ওয়াই আর এম এর সভাপতি মো. ওয়াজিদ আলী, সরদার বাহাদুর নগর স্কুল ক্যাম্প এসপিজি আর সির এডহক কমিটির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, ইউএসপি ওয়াই আর এম এর উপদেষ্টা মো. ইসলাম প্রমুখ।