নাইজেরিয়ায় বিনা খরচায় চিকিত্সার সুযোগ খুব কম হাসপাতালেই আছে। বেশিরভাগ হাসপাতালে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার হয় রোগীরা। চিকিত্সা শেষে যদি বিপুল পরিমাণ বিল রোগীর নামের পাশে জমা হয় তবে বাড়ি ফিরতে গেলে ওই বিল পরিশোধ করলে তবেই ছাড়পত্র মেলে। আর দুস্থ রোগীরা অনেক সময় সুচিকিত্সার আশায় ভালো হাসপাতালে ভর্তি হয় নিজের সামর্থ্যের কথা না ভেবেই। কিন্তু যখন হাসপাতাল ছাড়তে যায় তখনই তাদের আটকে দেয়া হয় বিল পরিশোধের জন্য। তবে এমন অসচ্ছল রোগীদের জন্য দেবদূত বা ‘এঞ্জেল’ হিসেবে আবির্ভূত হয়েছেন এক ব্যক্তি। নিজের নামপরিচয় প্রকাশ না করে গোপনে তিনি ওইসব দুস্থ রোগীদের চিকিত্সার বিল শোধ করে চলে যান। বিনা বাধায় বাড়ি ফেরার ছাড়পত্র পেয়ে যান তারা।
নিভৃতে গরিব রোগীদের পাশে দাঁড়ানো ওই ব্যক্তির নাম জিল আকারাওয়াই। নিজের কালো রঙের মার্সিডিসে চড়ে লাগোসের বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়ান। হাসপাতালগুলোতে ইতোমধ্যে পরিচিত হয়ে উঠেছেন তিনি। প্রশাসনিক রুমে গিয়ে বাড়তি কোনো কথা বলে কেবল ‘তালিকা’ চান। এই তালিকা আর কিছু নয়, চিকিত্সাবিল না দিতে পারার কারণে যেসব রোগীকে তারা আটকে রেখেছেন তাদের নাম। নামগুলো হাতে পেলে বিল পরিশোধ করে দ্রুত সেখান থেকে চলে যান। অনেক রোগী মাসের মাস পর আটকে থাকার পর এই এঞ্জেলের সহযোগিতায় বাড়ি ফেরার সুযোগ পান। কখনো কখনো জিল নিজে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। সেই কথোপকথন থেকে বুঝে নেন কে কে হাসপাতাল ছাড়ার সময় বিপাকে পড়তে পারে। সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করে যান কর্তৃপক্ষের কাছে। উপকার পাওয়া কোনো রোগীর সঙ্গে তিনি যোগাযোগ রাখেন না। নিজের এই কাজের প্রচারও তিনি করেন না।
