আগামী পাঁচ বছরের মধ্যেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী এস-৪০০ প্রযুক্তি হাতে পাবে ভারত। জানিয়ে দিলেন রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন।
রাশিয়া-ভারত-চীন ত্রিদেশীয় বৈঠকে যোগ দিতে আগামী ২২ মার্চ দুই দিনের রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগেই এই ঘোষণা করলেন বাবুশকিন। তিনি বলেন, ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার কাজ শুরু হয়ে গেছে। ২০২৫-এর মধ্যে তা ভারতের হাতে তুলে দেওয়া হবে।’
শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে এত দিন রুশ সেনা এস-৩০০ প্রযুক্তি ব্যবহার করত। তারই উন্নত সংস্করণ এস-৪০০। ‘আলমাজ-আন্তে’ সংস্থা এই প্রযুক্তি তৈরি করে। ২০০৭ সাল থেকে রুশ বাহিনী তা ব্যবহার করে আসছে।
শত্রু দেশের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন চিহ্নিত করে, ক্ষেপণাস্ত্র ছুড়ে তাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এস-৪০০ প্রযুক্তির। এর পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার। অর্থাৎ, পাকিস্তানের সমস্ত বিমান ঘাঁটিই ভারতের নাগালের মধ্যে চলে আসবে। তাই এই প্রযুক্তিকে ‘গেমচেঞ্জার’ বলেও উল্লেখ করেছিলেন ভারতের প্রাক্তন বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র ‘বেজার’ হলেও ইরানের সঙ্গে উৎসব করবে ভারত
যে কারণে মার্কিন চোখরাঙানি সত্ত্বেও, ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী এস-৪০০ প্রযুক্তি কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। এতে সব মিলিয়ে ৩৯ হাজার কোটি টাকা খরচ পড়বে।
ইত্তেফাক/এমআর
