৭০ এর নির্বাচনের মতো নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে :তোফায়েল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭০ সালের নির্বাচনের মতো দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জোয়ারে আগামী ৩০ ডিসেম্বর বিএনপি তথা তাদের জোট বাংলাদেশ থেকে ভেসে যাবে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভোলা-১ আসনের উত্তর দিঘলদী ইউনিয়নে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ৭০ সালে যেমন জাতির পিতার নেতৃত্বে নৌকার ভোটেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তেমনি আগামী ৩০ ডিসেম্বর আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বাংলাদেশের উন্নয়নকে ধরে রাখবো। ধরে রাখবো সকল অগ্রযাত্রাকে। বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তোফায়েল আরো বলেন, তারা গণসংযোগ না করে ঘরে বসে বিবৃতি দেয় আওয়ামী লীগ তাদের মাঠে নামতে দেয় না। কিন্তু আমরা কাউকে বাধা দেই না। জনগণ আজকে এক হয়েছে বিএনপির আমলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের শ্লোগান ‘আমার গ্রাম আমার শহর’। ইতিমধ্যেই আমাদের গ্রাম শহরে রূপ লাভ করেছে। আজকে গ্রামের রাস্তা পাকা, ঘরে ঘরে বিদ্যুত্। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ দেওয়ার কারণে আমাদের দেশে দারিদ্র্য কমে গেছে। গ্রামে এখন আর কাঁচা ঘর নেই। সব পাকা অথবা টিনের ঘর। মানুষের পায়ে জুতা, ভাল জামা গায়ে। আমরা শহরে যেসকল সুবিধা পাই, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রামে সেই সুবিধা দিব। পথ সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা।

পরে তোফায়েল আহমেদ গাজারিয়া বাজারসহ উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করেন। এছাড়া বিকালে ভোলার আলী নগর ইউনিয়নে  অপর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় বিভিন্ন এলাকা থেকে নৌকার পক্ষে শ্ল্লোগান নিয়ে জনতার ঢল নামে। শুধু দলীয় কর্মীই নয় বিভিন্ন শ্রেণি-পেশার নানান বয়সী কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।