সরকার কৃষিভিত্তিক শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে: শিল্প সচিব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৫

সরকার কৃষিভিত্তিক শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিল্প মন্ত্রণালয় সচিব মো.আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে।

শনিবার (১৮জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনের পাশে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প নগরী পরিদর্শন শেষে এসব কথা বলেন সচিব।

শিল্প সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে অগ্রাধিকার দিচ্ছেন মানে হচ্ছে এখাতের সবাইকে সর্বাধিক সুযোগ সুবিধা দেওয়া। এ খাতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা দেওয়া হয়েছে। এমন অনেক সুবিধাও শিল্প মন্ত্রাণালয় থেকেও দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: মুসল্লিদের কষ্ট লাঘবে নিক্সন চৌধুরীর মসজিদ নির্মাণ

তিনি আরও বলেন, বিসিক মূলত একটি নিদিষ্ট অবকাঠামো তৈরি করে। যারা স্থানীয় এবং সম্ভাবনাময় থাকে, সেই সকল উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দেই । তারা কিভাবে ঋণ পেতে পারে সেই সব বিষয়েও আমরা উদ্যোক্তাদের ধারণা দিয়ে থাকি। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

ইত্তেফাক/আরআই