কাশ্মীরে চালু হচ্ছে মোবাইল এসএমএস ও ভয়েস কল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:২৯

গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বন্ধের পাঁচ মাস পর সেখানকার প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক কর্মকর্তা রোহিত কনসাল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি’র

সংবাদ সম্মেলনে প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু করার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে রোহিত কনসাল বলেন, কাশ্মীরের বান্দিপোরা এবং কূপওয়ারা জেলাগুলিতে এবং জম্মুর আরও দশটি জেলাতে পোস্টপেইড সিম কার্ডের উপর অল্প কিছু নিষেধাজ্ঞা জারি থাকলেও টু জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

গত ৫ আগস্ট টেলিফোন, মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়ার পর সেপ্টেম্বরে টেলিফোন সংযোগ চালু করা হয়। এরপর গত ১৪ অক্টোবর পোস্টপেইড মোবাইল সংযোগ ফিরিয়ে দেওয়া হয়। গত ১ জানুয়ারি থেকে সরকারি হাসপাতালগুলোতে সমস্ত মোবাইল ফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। 

তবে কাশ্মীরে মোবাইল ব্যবহারকারীদের অধিকাংশই প্রিপেইড ব্যবহারকারী। এবার প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু করার সিদ্ধান্তে স্বস্তিতে কাশ্মীরবাসী। 

আরও পড়ুন: 

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের সর্বোচ্চ আদালত জম্মু ও কাশ্মীরে জারি থাকা সকল বিধিনিষেধের ব্যাপারে করা এক পিটিশনের জবাবে এগুলো পর্যালোচনার করার আদেশ দায়ের দিয়েছিল। আদেশ বাস্তবায়ন করতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। এরপরই সংযোগ চালু করার এসব সিদ্ধান্ত নিলো সরকার। 

ইত্তেফাক/এসইউ