স্কুলছাত্রী রুনা হত্যার বিচারের দাবিতে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শনিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আকিকুন্নেছা চৌধুরী বিউটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ জাহান, নারী নেত্রী জাকিয়া সুলতানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইলী আরজুমান, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাবিন আহমেদ নদী প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সুখদেবপুর-বানিয়াহারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও সুখদেবপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নিহত রুনা আক্তার বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। অভিযুক্ত পিতামাতা পুলিশকে অবগত না করে লাশ নামিয়ে ফেলে। বিষয়টি রহস্যজনক এবং তাকে শ্বাসরোধে হত্যা করার সন্দেহে পিতা রফিকুল ইসলাম ও সৎ মা হেপী আক্তারকে ঐদিন গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ সৎ মা হেপী আক্তার ও বাবা রফিকুলকে আটক করে পরদিন সকালে তাদেরকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনার পর গত বছরের ডিসেম্বরের ৬ তারিখে ইত্তেফাকে সংবাদ ছাপা হয়।
আরও পড়ুন: জলঢাকায় ইউএনওর সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের
মোহনগঞ্জ থানার ওসি মোঃ শওকত আলী জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা আদালত থেকে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
ইত্তেফাক/নূহু
