শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থী। আগামী ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্য মো. আবদুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করবেন মনোনীতরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্নাতক পর্যায়ের স্বর্ণপদক জয়ীরা হলেন- অর্থনীতি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. নয়ন তারা, মার্কেটিং বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের নাসরিন আক্তার ঝুমুর, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রাবেয়া জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আমেনা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের মোহাম্মদ রফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মোহাম্মদ কামরুল হাসান, পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের উম্মুল খায়ের সুমি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রিপা আক্তার।
আরও পড়ুন: পেছালো ঢাকা সিটির নির্বাচন, ভোট ১ ফেব্রুয়ারি
স্নাতকোত্তরে অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ৬ জন রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন। তারা হলেন- অর্থনীতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা, গণিত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের খাদিজা বেগম, ২০১২-১৩ শিক্ষাবর্ষের পারভিন আক্তার, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাহিনুর আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আমেনা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সানজিদা হক। স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আমেনা বেগম স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পর্যায়েই স্বর্ণপদক অর্জন করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে মোট ১৪ জনকে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়েছে।’ সমাবর্তন সফল করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ইত্তেফাক/এসি

