ক্লপের দুশ্চিন্তা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪২

জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপ

g স্পোর্টস ডেস্ক

আফ্রিকান নেশন্স কাপের এক আসর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবার পর আবারও ফিরছে জানুয়ারি মাসে। বছরের মাঝামাঝিতে স্বাগতিক ক্যামেরুনে অসহনীয় গরমই এর কারণ। তবে মধ্য মৌসুমে এই টুর্নামেন্টের ফলে বেশ কিছু তারকা খেলোয়াড়কে হারাবে লিভারপুল। যাকে কোচ য়ুর্গেন ক্লপ দেখছেন ‘বিপর্যয়’ হিসেবে।

আগের সূচিতে আফ্রিকান শ্রেষ্ঠত্বের এই আসর অনুষ্ঠিত হতো জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। কিন্তু ২০১৭ সালে এই টুর্নামেন্টটি পিছিয়ে দুই ইউরোপীয় ক্লাব মৌসুমের মাঝামাঝিতে নিয়ে আসা হয়। গেল বছর প্রথমবারের মতো জুন মাসে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ফলে ইউরোপীয় ক্লাবগুলোর প্রশংসাও কুড়িয়েছিল আফ্রিকান ফুটবল। তবে আসছে আসরের স্বাগতিক ক্যামেরুনে জুন-জুলাইয়ের তাপমাত্রা বাধ সেধেছে এতে। বছরের এ সময়টায় অসহনীয় গরম অনুভূত হয় আফ্রিকার এই অংশে। ফলে আয়োজকদের আবারও ফিরতে হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারির সূচিতে। এতে করে বড়ো ক্ষতির সম্মুখীন হতে পারে লিভারপুল। দলটির আক্রমণভাগের দুজনই যে আফ্রিকান খেলোয়াড়! তবে কেবল মিশরীয় মোহামেদ সালাহ ও সেনেগালের সাদিও মানেকেই হারাবে না দলটি। গিনিয়ান মিডফিল্ডার নাবি কেইটাও দেশে ফিরবেন আফ্রিকান শ্রেষ্ঠত্বের আসরে খেলতে।

দলের মূল তিন খেলোয়াড়কে মধ্য মৌসুমে হারানোর ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না অল রেড কোচ ক্লপ। তিনি বলেন,‘মৌসুমের মাঝামাঝিতে একটা টুর্নামেন্ট খেলবেন আপনি, অবশ্যই এটা একটা সমস্যা। যদিও আমাদের শীতকালে খেলাটাই তাদের জন্যে যুক্তিযুক্ত কেননা সে সময়েই আবহাওয়া তাদের পক্ষে থাকে। কিন্তু আমাদের কাছেও কোনো ক্ষমতা নেই। তাই যদি আমরা বলি ‘আমরা তাকে যেতে বলিনি’, খেলোয়াড়টা নিষেধাজ্ঞার মুখে পড়বে।’ তিনি আরো যোগ করেন, ‘যদি একজন খেলোয়াড় চোট পেয়ে থাকে এবং আমাদের জন্যে খেলতে না পারে, তাকেও আফ্রিকা পাঠাতে হবে আমাদের। এবং তারা ব্যাপারটা দেখবেন। তারপর এক কিংবা দুই সপ্তাহ পর সে ফিরবে। এখনকার দিনে এমনটা হতে পারে না।’

সালাহ-মানেদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড় আনার ব্যাপারটাও উড়িয়ে দিলেন না ক্লপ। জার্মান এই কোচের ভাষ্য, ‘যদি আমরা নতুন খেলোয়াড় আনার সিদ্ধান্ত নেই তাহলে এটা অনেক বড়ো এক সিদ্ধান্ত হবে। আপনি জানেন যে তাদের এক মাসের মতো পাবেন না। ক্লাবের দৃষ্টিকোণ থেকে এ নিয়ে ভাবতে হবে আপনাকে। এটা আফ্রিকান খেলোয়াড়দের সাহায্য করবে না।’ তবে মধ্য মৌসুমে খেলোয়াড় হারানোর ব্যাপারটা ছাড়া আফ্রিকান এই টুর্নামেন্টের প্রতি কোনো খেদ নেই ক্লপের, ‘টুর্নামেন্টটাকে এর চেয়ে বেশি সম্মান দিতে পারব না আমি, কেননা আমি এটা বেশ পছন্দ করি এবং অতীতে অনেক দেখেছি একে। বেশ আকর্ষণীয় এক প্রতিযোগিতা এটা।’