সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির আনন্দ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। পূর্ব অনুমতি না নিয়ে সেখানে মিছিল নিয়ে যাওয়ায় প্রথমে বাঁধা এবং পরে লাঠিচার্জ করা হয় বলে দাবি করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার
খবরে বলা হয়, শনিবার নন্দীগ্রামে বিজেপির কর্মী এবং সমর্থকদের সঙ্গে মিছিলে যোগ দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। এ উদ্দেশ্যে কর্মীদের সঙ্গে নিয়ে নন্দীগ্রামে ঢুকতে গেলে দিলীপ ঘোষের গাড়ি আটকে দেয় পুলিশ।
পুলিশের বাধা পেয়ে গাড়ি থেকেই বক্তৃতা শুরু করেন সায়ন্তন বসু। এসময় তাদের সবাইকে ঘিরে ফেললে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। ফলে খোলা গাড়ির ওপরে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শনিবারের কর্মসূচি শেষ করেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ইউক্রেনকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স দিচ্ছে ইরান
পুলিশ জানিয়েছে, এই কর্মসূচির ব্যাপারে অনুমতি না নেওয়ায় পুলিশ বাঁধা দিয়েছে। তবে বিজেপি দাবি করেছে, পনেরো দিন আগে এই কর্মসূচির কথা লিখিত ভাবে পুলিশকে জানিয়েছিল তারা।
ইত্তেফাক/এসইউ
