এই সরকারের আমলে ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ----- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৫৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। এই আমলে দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। এতে শরীর ও মন উভয় সুস্থ থাকে।

শনিবার পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে মন্ত্রী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। মন্ত্রী আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত্। তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যাচার, মাদক, সন্ত্রাস যেন তোমাদের স্পর্শ করতে না পারে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।