প্রীতি ক্রিকেট ম্যাচের বোলিং করার সময় স্ট্রোকে সেলিম (৫০) নামে এক ক্রীড়ানুরাগী ও আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার বেলা ১২টায় বন্দরের মদনগঞ্জ ওয়েল ফেয়ার মাঠে এ ঘটনাটি ঘটে। আওয়ামী লীগ নেতা মরহুম সেলিম মিয়া বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর পায়রা চত্বর এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
আওয়ামী লীগ নেতা সেলিম মিয়ার মৃত্যুর সংবাদ শুনে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী মরহুমের বাসভবনে ছুটে আসেন। এবং মরহুমের স্ত্রী ও সন্তানসহ তার আত্মীয়স্বজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এলাকাবাসীসূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে মদনগঞ্জ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা উক্ত মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন। উক্ত খেলায় জেলার একাদশ ও মদনগঞ্জ একাদশ অংশগ্রহণ করে। প্রীতি ক্রিকেট ম্যাচে আওয়ামী লীগ নেতা মদনগঞ্জ একাদশের পক্ষে বোলিং করার সময় হঠাত্ স্ট্রোক করে মাটিতে লুটে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
