খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থীর ভাইসহ গ্রেফতার ২

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:২৪


খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুসসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে ডুমুরিয়া ও ফুলতলা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর মধ্যে মিয়া গোলাম কুদ্দুস খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের ভাই।

গত ১৫ ডিসেম্বর রাতে ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ফুলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের গণসংযোগে বের হন মিয়া গোলাম কুদ্দুস। এরপর ফুলতলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এছাড়া একই এলাকা থেকে বিএনপি কর্মী ইজাহারকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাজারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে একটি বোমা বিস্ফোরণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে দামোদরে ৪ নম্বর গাড়াখোলা ইউনিয়ন কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৪ নম্বর গাড়াখোলা ইউনিয়ন কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জলিল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এছাড়া বেজেরডাঙ্গা বাজারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা আলী আযম বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। শুক্রবার মিয়া গোলাম কুদ্দুসকে আটক করে এ দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, ডুমুরিয়া থানা পুলিশ সূত্র জানায়, চুকনগর এলাকা থেকে ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলতকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌঁনে ৮টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। শিরিনা দৌলতের পারিবারিক সূত্র তাকে ছেড়ে দেয়ার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/আরকেজি