জার্মানির রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারকে তার বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে।
লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’র উদ্যোগে বার্লিনে আশ্রয় নেন ব্লগার তমালিকা সিংহ। তিনি ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন। বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজের আবাসস্থলের বাথরুম থেকে তার মরদেহ দেহ উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত একজন চিকিত্সক তমালিকা সিংহকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেওয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস।
পেন জার্মানিও ব্লগারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে। তনি বলেন, আমরা আমাদের ‘নির্বাসিত লেখক’ ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত। যেহেতু পুলিশের তদন্ত এখনো অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না।
প্রসঙ্গত, বাংলাদেশি আরেক নির্বাসিত ব্লগার জোবায়েন সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। তিনি জানান, তমালিকার সঙ্গে তার ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সর্বশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল।
উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ। তাকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।
