ভোটাররা নিজের পায়ে কুড়াল মারবে না :অর্থমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৪৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অগ্রগতির ধারাবাহিকতা নিশ্চিত করার দায়িত্ব ভোটারদের। তিনি বলেন, এজন্য তারা বর্তমান সরকারকেই বেছে নেবে। নিজের পায়ে কুড়াল মারবে না। গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের শীর্ষস্থানীয় দুই শতাধিক করদাতাকে সম্মাননা দেওয়ার লক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিত্সক ক্যাটাগরিতে সম্মাননা পান বিশিষ্ট চিকিত্সক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গত ১৫ বছর ধরে তিনি শীর্ষ করদাতার তালিকাভুক্ত। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্যাক্স কার্ডে যে সব সুবিধার কথা বলা হয় তা পাওয়া যায় না বলে অনেকে বলেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের যে সুবিধার কথা বলা হয়েছে, তা আমি পাইনি।