পটুয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনিসহ ছয়জনের বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রনির গোপন অডিও ফোনালাপ ভাইরাল হয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। গত বৃহস্পতিবার রাতে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ এ ঘটনায় থানায় মামলা করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্সেদ জানান, গোলাম মাওলা রনিসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ ডিসেম্বর গলাচিপায় গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নহার রুনুর গাড়িতে বিএনপির কতিপয় দুষ্কৃতকারী ইটপাটকেল মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনার পর ওই দিন বেলা ২টার দিকে রনি ফোনালাপে নির্দেশ দেন, একটা সুযোগ এসেছে আওয়ামী লীগ প্রার্থীসহ এক সঙ্গে একশত আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেও। আমি ওপর মহল থেকে মামলা নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করব। তোমার ভাবিকে বাদী করে মামলা করো। হাজার হাজার নেতা-কর্মী নিয়ে থানা ঘেরাও করো। এখন একটা সুযোগ হয়েছে। মামলায় আরও বলা হয়, রনির এ ধরনের ফোনালাপে জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর উদ্দেশ্যে, জননিরাপত্তা ও রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্য। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অন্য আসামিরা হলেন- শাহজাহান খান, শিপলু খান, রনির সহোদর সরোয়ার, শ্যালক মকবুল খান ও দশমিনা যুবদলের সভাপতি শাহআলম শানুর নামে মামলা দায়ের হয়।
