হাজীগঞ্জে স্কুলছাত্রকে জবাই করে হত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২১

চাঁদপুরের হাজীগঞ্জে মারুফ হোসেন হৃদয় (১৫) নামে এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ থানা পুলিশ বিদ্যালয় সংলগ্ন একটি চা দোকানের ভিতর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। 

নিহত হৃদয় উপজেলা সদরের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড ঘোষাই বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে চা দোকানদার মো. ফরিদ দোকান খুলতে এসে স্কুলছাত্রের মরদেহ দেখতে পায়। এ সময় ওই স্থানে থাকা লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। 

স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা ওই ছাত্রকে পরিত্যক্ত ভবনে হত্যা করে বিদ্যালয়ের পাশের চা দোকানে মরদেহ রেখে চলে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দোকানে রেখে গেছে। হত্যার কারণ তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/জেডএইচ