ঢাকা-১৮ (উত্তরা-খিলক্ষেত) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণ দীর্ঘ ১২ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জনগণ নির্বিঘ্নে শুধু ভোট দেওয়ার সুযোগ পেলেই বর্তমান গণতন্ত্রবিরোধী সরকারের পতন ঘটবে। জনগণ জাতীয় ঐক্য গড়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। অবাধে ভোট দিতে পারলে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার মুক্তি পাবে। দেশে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। গতকাল শুক্রবার স্বপন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন।
জেএসডি’র কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির অন্যতম এই সদস্য গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ছাড়াও জেএসডিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন, তিনি এমপি নির্বাচিত হতে পারলে এলাকাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করবেন। জেএসডি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ফিরোজ আলম মিলন জানান, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পক্ষে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে উঠেছে। তবে সরকারি দলের নেতাকর্মীদের বাধার কারণে প্রচারণায় বিঘ্ন ঘটছে।
