প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও নন্দিত অভিনেতা আমজাদ হোসেনের মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ঢাকায় পৌঁছেছে। ব্যাংকক থেকে ছেড়ে আসা মরদেহ বহনকারী বিমানটি সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।
বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মরহুমের আদাবরের বাসায়। সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় শাহবাগের বারডেম হাসপাতালের হিমঘরে। বারডেম থেকে আজ শনিবার সকাল ১১টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর আমজাদ হোসেনের মরদেহ এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণেও নেওয়া হবে। পরে বিকাল নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে এই চলচ্চিত্রকারের জন্মস্থান জামালপুরে। তার ইচ্ছা অনুযায়ী জামালপুর শহরে তাকে বাবা নুরউদ্দিন সরকারের কবরে সমাহিত করা হবে।
গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটের দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এ নির্মাতা।
