ইভিএমে ৬ আসনে ভোট

নির্বাচনের আগে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ ইসির

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:৪২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে ওইসব আসনে প্রত্যেক ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ছয় নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। আসনগুলো হচ্ছে- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। কোনো ভোটারের আঙুলের ছাপ না পাওয়া গেলে স্মার্টকার্ড ব্যবহারের ফলে ভোটারের আঙুলের ছাপ মেলানো সহজ হয়। তাই এই ছয়টি আসনে অধিকাংশ ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ছয়টি আসনের প্রস্তুতকৃত স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু অনেক ভোটারের তথ্যে ত্রুটি থাকার কারণে স্মার্টকার্ড করা সম্ভব হয়নি। তাদের স্মার্টকার্ড মুদ্রণ করে ছয়টি আসনে প্রেরণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, উপজেলা/থানা নির্বাচন অফিসের কোনো একটি স্থান হতে ভোটারের আইরিশ ও টেন ফিঙ্গার নিয়ে একটি স্লিপ দেবেন এবং এই স্লিপ ইভিএম ভোটকেন্দ্রসমূহের যে দুইটি স্থানে ডেমোস্ট্রেশন চলছে সে সকল স্থান থেকে ভোটারদের স্মার্টকার্ড প্রদান করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও ভোটাররা উপজেলা/থানা নির্বাচন অফিসে আইরিশ ও টেন ফিঙ্গার দিয়ে ইভিএম ভোটকেন্দ্রের ডেমোস্ট্রেশন স্থান হতে স্মার্টকার্ড নিতে পারবেন। এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।