ইত্তেফাক রিপোর্ট
একগুচ্ছ ইতিবাচক সিদ্ধান্তেই ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এক দিনে ২৩২ পয়েন্ট বা ৫ শতাংশ বেড়ে রেকর্ড সৃষ্টি করেছে। যা সূচকটি চালু হওয়ার সাত বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল ঢাকার বাজারে লেনদেনও বেড়েছে বড়ো ব্যবধানে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ২০১৩ সালে যাত্রা শুরু করে। তখন সূচকটির ভিত্তি পয়েন্ট ছিল ৪ হাজার ৫৬ পয়েন্ট। এরপরে গত সাত বছরের মধ্যে গতকাল রবিবার সূচকটির সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে ২০১৫ সালের ১০ মে সূচকটি ১৫৫ পয়েন্ট বেড়েছিল।
প্রসঙ্গত, গত এক বছরে পুঁজিবাজারে বড়ো ধস ঠেকানোর জন্য নীতিনির্ধারক মহল, অর্থমন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নিলেও বাজার চাঙ্গা হয়নি। তবে গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির বৈঠকে পুঁজিবাজার চাঙ্গা করতে বেশকিছু ইতিবাচক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারে তারল্য সংকট কাটাতে সরকারি চার ব্যাংকের বিনিয়োগের খবরে বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৮৭ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৪১১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৪৩ কোটি ৮৭ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৬৭ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪৬টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার। এদিন কোম্পানিটির ১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সিঙ্গারের ১৭ কোটি ১৭ লাখ টাকার এবং ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে লাফার্জহোলসিম। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : খুলনা পাওয়ার, এসএস স্টিল, গ্রামীণফোন, এডিএন টেলিকম, এনসিসি ব্যাংক, রিং শাইন এবং ব্যাংক এশিয়া।
ডিএসই সূত্রে জানা গেছে, টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। টপ গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। তালিকার তৃতীয় স্থানে ছিল স্ট্যাইল ক্রাফট লিমিটেড। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : হাইডেলবার্গ সিমেন্ট, দেশ গার্মেন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, বিডি ল্যাম্পস, জেমিনি সি ও বঙ্গজ লিমিটেড।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
