ঢাকা-১২ (তেজগাঁও) আসনে ‘কোদাল’ প্রতীকের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার জোনায়েদ সাকি এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার সময় আমার ঢাকা-১২ সংসদীয় আসনের ২৭ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা নগরের নতুন নির্বাচনী অফিস একদল যুবক ভেঙে দিয়েছে। এর আগে নাখালপাড়াতে পুলিশের হুমকির মুখে বাধ্য হয়ে বাড়িওয়ালা নির্বাচনী অফিসের জন্য অগ্রিম অর্থ ফেরত দিয়েছেন। এ ছাড়া কোদাল প্রতীকের নির্বাচন প্রচার চালানোর সময় পাড়ায় পাড়ায় হামলা, হুমকি ও মারধরের ঘটনা ঘটেছে। পোস্টার ছিঁড়ে ফেলা ও পোস্টার টানাতে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।’
এদিকে, গতকাল বিকালে ঢাকা-১২ আসনের ২৪ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মাস্টারের ঢালের সামনে থেকে তেজগাঁও অঞ্চলের মধ্যকুনিপাড়া, হ্যাপি হোমস ও বউ বাজার এলাকায় গণসংযোগ করেন জোনায়েদ সাকি। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, বাচ্চু ভূইয়া, দীপক রায়, বেলায়েত হোসেন, মুসা কলিমুল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
