বিশ্বপ্রবাহ ডেস্ক
কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক স্তরে কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায়নি বলে মেনে নিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তার অভিযোগ, পশ্চিমা দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থই সব। তাই কাশ্মীর নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যেই কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কঠোর সমালোচনা করলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তার স্পষ্ট কথা, কাশ্মীর সমস্যার সঠিক সমাধান না হলে ভারতের সঙ্গে শান্তি আলোচনা নয়।
একটি জার্মান দৈনিককে সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে ইমরান স্বীকার করে নিয়েছেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কার্যত নিঃসঙ্গ। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর কাছে দ্বিপাক্ষিক বোঝাপড়ার চেয়ে বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বাজার অনেক বড়ো। তাই কাশ্মীরের ৮০ লক্ষ মানুষের কী হলো, সে দেশের সংখ্যালঘুদেরই-বা কী অবস্থা, তা নিয়ে কারো মাথাব্যথা নেই।’ চীনের আগ্রাসনের অভিযোগে হংকংয়ের বিক্ষোভ বিশ্বের নজর কাড়লেও, কাশ্মীরের ক্ষেত্রে তা হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, ‘হংকংয়ের বিক্ষোভ কেমন নজর কাড়ছে! কাশ্মীর সমস্যা তার চেয়ে ঢের গুরুতর। তা নিয়ে কারো মাথাব্যথা নেই। এটা দুঃখজনক।’
নয়াদিল্লি গত বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই আন্তর্জাতিক মহলের কাছে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন ইমরান। কিন্তু সফল হননি তিনি। আমেরিকায় এক অনুষ্ঠানে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায়। কিন্তু কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান না-হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে শান্তির জন্য আমরা আর কোনো মূল্য দিতে রাজি নই।’
