বিয়ের দুই সপ্তাহ পর স্বামী জানলেন...

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:০৩

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

মোহাম্মদ মুতুম্বা। উগান্ডার একটি মসজিদের ইমাম ছিলেন তিনি। গত মাসে বিপুলসংখ্যক অতিথিকে দাওয়াত দিয়ে বেশ ধুমধাম করে বিয়ে করেন। নতুন বউয়ের সঙ্গে সংসারও করছিলেন। কিন্তু সম্প্রতি সে সংসার ভেঙেছে। কারণ তিনি জানতে পেরেছেন, তার ‘বউ’ আসলে একজন পুরুষ! নববধূ যে মহিলা নন, তা বুঝতেই পারেননি বলে দাবি করেছেন মুতুম্বা। তার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়ে যান এক প্রতিবেশীর কাছে। টিভি চুরি করে পাঁচিল টপকানোর সময় তাকে দেখে ফেলেন প্রতিবেশীরা। পুলিশে অভিযোগ যায়। সেখানেই মহিলা কনস্টেবল তাকে সার্চ করতে গিয়ে দেখেন হিজাব পরা ইমামের ‘বউ’ আসলে জলজ্যান্ত এক পুরুষ। বিষয়টি নিয়ে দেশ জুড়ে সাড়া পড়ে যাবার পর মুতুম্বা জানিয়েছেন, বিয়ের আগে মসজিদেই কাজ করতেন তার ‘স্ত্রী’। তার গলার আওয়াজ একেবারেই নারীদের মতোই। সব সময় হিজাব পরে থাকত। এমনকি চালচলনেও নারীদের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। মোটকথা তার মনে হয়েছিল, বিয়ের জন্য তিনি ছিলেন আদর্শ এক পাত্রী। সাংবাদিকরা জানতে চান, কিন্তু বিয়ের পরও কেন মুতুম্বা বুঝলেন না তার স্ত্রী মহিলা নয়? এ ব্যাপারে তিনি জানান, শারীরিক অসুস্থতার কথা বলে এই দুই সপ্তাহ পৃথক ঘরে ছিলেন তিনি। এ কথাই সরল মনে বিশ্বাস করেছিলেন মুতুম্বা। তবে পুলিশের জেরার মুখে অভিযুক্ত তার আসল নাম জানিয়েছেন। তিনি এও জানিয়েছে, মুতুম্বার অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই বিয়ে করেছিলেন। সুযোগ পেলে প্রতিবেশীদের মালামালও চুরি করার ধান্দা ছিল। আর দুঃখজনক বিষয় হচ্ছে, এই বিবাহবিভ্রাটের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হওয়ায় ইমামের পদও হারাতে হয়েছে মুতুম্বাকে।