নিত্য উপহারের তৃতীয় আয়োজন ‘শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজি’ নামের প্রদর্শনী চলছে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ সুপার মার্কেটে। নির্বাচিত আলোকচিত্র ও টি-শার্ট নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হয়েছে সম্প্রতি। আর এর উদ্বোধন ঘোষণা করেন ফ্যাশন গবেষক ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা। এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান, প্রকৌশলী ফিরোজ আলম, নিউ মার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ, কামরুল আহসান ও শুভান্যুধায়ীগণ।
এ সময়ের তরুণ আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র টি-শার্টের জমিনে নতুন ও ভিন্ন এক স্বদেশ চিত্র উন্মোচন করেছে—এমন মন্তব্যই প্রকাশ করছেন দর্শনার্থীরা।
উল্ল্যেখ্য, এবারের আয়োজনের ‘শ্যামলী নিসর্গ’ বিভাগ থেকে ২১ জন আলোকচিত্রী বিজয়ী হয়েছেন এবং নির্বাচিত আলোকচিত্রগুলো টি-শার্টে প্রকাশের জন্য বিবেচিত হয়েছে। এর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে আজিম খান রনি, রুম্মান মাহমুদ ও কাজী আরিফুজ্জামান। প্রদর্শনীতে ১০% ছাড়ে ‘শ্যামলী নিসর্গ’ সিরিজের টি-শার্ট সংগ্রহ করতে পারবেন। প্রদর্শনীটি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
