এভারেস্ট-জয়ী সজলের জন্মদিনে আজিজের একক ম্যারাথন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৪৫

এভারেস্ট-জয়ী প্রয়াত সজল খালেদের জন্মদিন ১২ জানুয়ারি। তাকে স্মরণ করেই চতুর্থবারের মতো একক ম্যারাথন করেছেন তারই বন্ধু গাজী মুনছুর আজিজ। কক্সবাজারের মেরিন ড্রাইভে গত ১২ জানুয়ারি এ ম্যারাথন করেন তিনি। ভোর সাড়ে ৬টায় লাবণী সৈকত পয়েন্ট থেকে ম্যারাথন শুরু করেন। ইনানী সেতুর কাছ থেকে আবার লাবণী পয়েন্ট এসে বিকাল ৪টা ৮ মিনিটে সম্পন্ন করেন ম্যারাথনের ৪২.১৯৫ কিলোমিটার পথ। এর আগেও সজলের স্মরণে এ পথে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আজিজ একক ম্যারাথন করেছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত আর মেরিন ড্রাইভের সৌন্দর্য সত্যিই দারুণ। এ সৌন্দর্যের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও দেশের পর্যটনে আকর্ষণ বাড়াতে সজল খালেদ বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের ব্যানারে এ পথে ২০০৮ সালে প্রথমবার ‘বাংলা ম্যারাথন’ প্রতিযোগিতা করেন। সেই লক্ষ্যে ২০০৯ ও ২০১০ সালেও তার উদ্যোগে ও এক্সট্রিমিস্টের আয়োজনে এ পথে ম্যারাথন হয়েছিল। সে তিনবারের ম্যারাথনেই গাজী মুনছুর আজিজ অংশ নেন ও সফলভাবে সম্পন্ন করেন। ২০১৩ সালে এভারেস্ট জয় করে সজল খালেদ এভারেস্টের বুকেই থেকে যান অনন্তকালের জন্য। এরপর আর মেরিন ড্রাইভে ‘বাংলা ম্যারাথন’ হয়নি।