খাদি শুধু ফ্যাশন নয় আমাদের প্যাশন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৪৫

l নওশীন শর্মিলী

 

যুগ-যুগান্তরের ঐতিহ্য, দ্রোহ ও দেশাত্মবোধের প্রতীক হিসেবে খাদি কাপড় অনেকটা পৌরাণিক সংস্কৃতির মতো আমাদের জীবনে জড়িয়ে আছে। খাদি হলো হাতে বোনা প্রাকৃতিক আঁশযুক্ত কাপড়; যা এ উপমহাদেশের নিজস্ব উদ্ভাবন এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্যাপকভাবে ব্যবহূত হয়। এই কাপড় মূলত তুলা দিয়ে তৈরি হয়। এতে রেশম বা পশমও থাকতে পারে, যা চরকা নামক একটি স্পিনিং হুইলে হাতে কাটা হয়। এটি একটি বহুমুখী ফেব্রিক, গ্রীষ্মে শীতল ও শীতকালে উষ্ণ। খাদি ‘খদ্দর’ নামেও পরিচিত। এটি সাধারণত একটু রুক্ষ টেক্সচারযুক্ত ফেব্রিককে বোঝানো হয়। সম্প্রতি নন্দিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব খাদি কাপড় দিয়ে নারী ও পুরুষের জন্য নান্দনিক বেশ কিছু পোশাকের ডিজাইন করেছেন। খাদি প্রসঙ্গে নতুন ডিজাইনের পোশাক নিয়ে ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘নিজস্ব শেকড়ের সন্ধান ও আত্মপরিচয়ের মূল্যবোধ থেকেই ফ্যাশন ডিজাইনার হিসেবে দেশীয় তাঁতকে প্রাধান্য দিয়েছি। বর্তমান সময়ে যন্ত্রচালিত তাঁতের প্রভাবে আমাদের শত বছরের ঐতিহ্য হস্তচালিত তাঁত প্রায় বন্ধের পথে, তাঁতিরা বেকার হয়ে অন্য পেশা বেছে নিচ্ছে। দেশীয় তাঁতের প্রতি ভালোবাসা থেকেই খাদির প্রতি আগ্রহ তৈরি হওয়া। এই কাপড়ের বুননে বুননে জড়িয়ে আছে তাঁতিদের সুখ-দুঃখের জীবনগাথা। হস্তনির্মিত কাপড় বলে হয়তো একটু খসখসে ভাব আছে খাদিতে, তবে এটিই খাদির নিজস্ব সৌন্দর্য হিসেবে সমাদৃত। এই যান্ত্রিক সময়ে বিশ্বব্যাপী খাদি কাপড়ের ঐতিহ্যকে উপস্থাপনের লক্ষ্যেই কাপড়টি নিয়ে কাজের ভাবনা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাশ্চাত্যের সঙ্গে দেশীয় প্যাটার্নের সংমিশ্রণে খাদিকে আধুনিকায়নের প্রচেষ্টা। খাদি দিয়ে তৈরি করেছি পাঞ্জাবি, কটি, সুট, প্যান্ট, শার্ট, শাড়ি। যা আধুনিক ফ্যাশনপ্রেমীদের রুচির খোরাক জোগাবে বলে আমি আশাবাদী। দেশীয় তাঁতশিল্প আবার জেগে উঠুক, বেঁচে থাকুক তাঁতিদের সুখ-দুঃখের গল্প। মনে রাখতে হবে, খাদি শুধু ফ্যাশন নয়, আমাদের প্যাশন।’ এই ফ্যাশন ডিজাইনার আরো বলেন, ‘খাদি আমাদের দেশের একটা শিল্প। বিশ্বের উন্নত দেশগুলোতে এই হাতে বোনা খাদি কাপড়ের আলাদা বৈশিষ্ট্য ও জনপ্রিয়তা রয়েছে। বর্তমান সময়ে সবুজ (গ্রিন অর্গানিক) কাপড়ের উপর গবেষণা হচ্ছে প্রতিনিয়ত। সরকারি পৃষ্ঠপোষকতায় জনগণের চাহিদা অনুযায়ী এই খাদি কাপড় ব্যাপক জনপ্রিয়তায় জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে। এই অনুপ্রেরণায় খাদি শিল্পের উন্নয়নে জনসচেতনতাও তৈরির উদ্যোগ নিয়েছি আমরা।’