গরম গরম স্যুপ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৩৮

শীতের দিনে শরীরে উষ্ণতা আনতে গরম স্যুপের বিকল্প নেই। সেই সাথে নানা স্বাদের স্যুপ খেতেও বেশ মজা। এবারের আয়োজনে ভিন্ন স্বাদের স্যুপ নিয়ে রইলো কয়েকটি রেসিপি

ভেজিটেবল ক্লিয়ার স্যুপ

 

উপকরণ :গাজর পাতলা করে কাটা আধা কাপ, ফুলকপি আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, বাঁধাকপি কিউব করে কাটা আধা কাপ, পেঁয়াজ কলি টুকরো করা আধা কাপ, ভাঁজ খোলা পেঁয়াজ আধা কাপ, সেলারি ২ টেবিল চামচ, চিকেন স্টক ৬ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁপে আধা কাপ, চিনি ১ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিকেন কিউব করে কাটা আধা কাপ (ইচ্ছা), লবণ স্বাদমতো, সিরকা আধা টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ।

প্রণালি :হাঁড়িতে চিকেন স্টক দিন। বলক এলে সব রকম সবজি, রসুন কুচি, আদা দিয়ে সিদ্ধ করা চিকেন ও লবণ দিন। এবার সবজি সিদ্ধ হয়ে এলে লেবুর রস, চিনি, গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট দিয়ে ২/৩ মিনিট পর নামিয়ে নিন। তারপর পরিবেশন পাত্রে ঢেলে সস দিয়ে পরিবেশন করুন।

 

০০০

 

থাই স্যুপ

 

উপকরণ :মুরগির বুকের মাংস আধা কাপ (লম্বা করে কাটা), চিংড়ি আধা কাপ (খোসা ছাড়ানো), আদা বাটা আধ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, চিকেন স্টক ৪ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া সিকি চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ডিম ১টা ফেটানো, থাইপাতা ১ মুঠো, টমেটো সস ৪ টেবিল চামচ, চিনি পরিমাণমতো, টেস্টিং সল্ট আধা চা চামচ (ইচ্ছা), মাশরুম আধা কাপ, লবণ পরিমাণমতো, বাটার বা তেল ২ চা চামচ।

প্রণালি :স্যুপের হাঁড়িতে প্রথমে তেল দিয়ে আদা-রসুন বাটা, মুরগি ও মরিচগুঁড়া দিয়ে কষিয়ে সয়াসস দিন। এবার ১ কাপ চিকেন স্টক কর্নফ্লাওয়ার ও ডিম ভালো করে ফেটিয়ে দিন। এবার স্যুপের হাঁড়িতে ঢেলে দিন। মাশরুম দিন। তারপর টমেটো সস, চিনি, লবণ, টেস্টিং সল্ট, কাঁচামরিচ দিন। সবশেষে লেবুর রস ও থাই পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার থাইস্যুপ।

 

০০০

 

নুডুলস্ স্যুপ

 

উপকরণ :নুডুলস ১ কাপ, ক্যাপসিকাম, বরবটি, গাজর, ফুলকপি, পেঁয়াজ কলি ১ কাপ, চিকেন আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টা, চিনি আধা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সেলারি পাস্তা ২ টেবিল চামচ, চিকেন কিউব ২ প্যাকেট, পানি ৫ কাপ, লবণ পরিমাণমতো, বাটার ২ চা চামচ, সিরকা ১ টেবিল চামচ।

প্রণালি :পানিতে চিকেন কিউব দিয়ে জ্বাল দিয়ে ৪ কাপ করে নিন। এবার অন্য হাঁড়িতে বাটার দিয়ে গরম হলে আধা চা চামচ আদাবাটা দিয়ে চিকেন ও কিউব করে কেটে রাখা সবজি দিয়ে নেড়েচেড়ে চিকেন স্টক দিন। এবার গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ, টেস্টিং সল্ট, সিরকা ও কাঁচামরিচ দিন। সবজি সিদ্ধ হলে চুলা বন্ধ করে দিন। নুডুলস সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার স্যুপের বাটিতে নুডুলস্ রেখে উপরে সবজিসহ চিকেন স্টক ঢেলে দিন। উপরে সেলারি পাতা বা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

 

০০০

 

টমেটো এগ ড্রপ স্যুপ

 

উপকরণ :টমেটো ৩টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ২টি, চিকেন স্টক ৫ কাপ, বাটার বা তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ ভাঁজ খোলা সিকিকাপ, ধনেপাতা বা সেলারি পাতা পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, টমেটো পিউরি ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, রসুন কুচি ২ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিলি সস ১ চা চামচ।

প্রণালি :ডিম ফেটে রাখুন। এবার একটি স্যুপের হাঁড়িতে তেল দিয়ে রসুন কুচি, ভাঁজ খোলা পেঁয়াজ ও কিউব করে কেটে রাখা টেমেটো দিয়ে নেড়ে টমেটো পিউরি দিন। তারপর চিকেন স্টক দিন। কর্নফ্লাওয়ার ও গোল মরিচ গুঁড়া গুলে দিন। এবার ফেটানো ডিম দিন বলক এলে। তারপর টমেটো সস, লেবুর রস, ভিনেগার, চিনি, টেস্টিং সল্ট, চিলি সস দিয়ে ২/৩ মিনিট পর নামিয়ে নিন। এবার স্যুপের বাটিতে ঢেলে ধনে পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার টমেটো এগ ড্রপ স্যুপ।