বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৮

আবাসন সংকট সমাধান ও হলের প্রভোস্ট-হাউজ টিউটরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলের বিভিন্ন বর্ষের ছাত্রীরা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপাচার্যের বাড়ির সামনে তারা রাস্তা অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—হলের রিডিং রুম ও পাঠাগার উন্নয়ন, নামাজ ঘরকে গণরুম না করা, হলের কর্মচারীদের দুর্ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও হল ডাইনিংয়ের খাবার মান উন্নয়ন করা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হকের সঙ্গে ছাত্রীদের প্রতিনিধিদল উপাচার্যের বাসভবনে যান। উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক জানান, উপাচার্যের কাছ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে ছাত্রীরা সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়।