ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শেষ বর্ষের দুই শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি এলাকার ইয়াকুব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৩) ও সিরাজগঞ্জের শাহাজাদপুরের পুঠিয়া এলাকার সাহেব আলীর ছেলে মিরু আহম্মদ (২৩)। উভয়ে রামেক এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আহতরা রাতের বর্ণালী এলাকার একটি হোটেলে রাতের খাবার খেয়ে হোস্টেলে ফিরছিলেন। পথিমধ্যে একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে শিক্ষার্থীদ্বয়কে তারা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
রামেক হাসপাতালের ৫নং ওয়ার্ডের চিকিৎসকরা জানান, শিক্ষার্থী আতিকের পায়ে ১২টা সেলাই এবং মিরুর পায়ে ৬টা সেলাই পড়েছে। তবে উভয়ে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। উল্লেখ্য, গত ঈদ-উল আজহার দু’দিন আগে আগের দিন ভোরে বর্ণালী এলাকায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে রাজশাহী সিটি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি
