জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপনে নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ বড়ো অনুষ্ঠান হবে এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা থেকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ মার্চ নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের যৌথ আয়োজক বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা এবং ইউএসএ কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। এতে সহযোগিতা করছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। এছাড়া এই সম্মেলনের আলোকে আগামী ২৭ মার্চ জ্যাকসন হাইটসে একটি বর্ণাঢ্য র্যালি হবে। এসব প্রস্তুতির অগ্রগতি তুলে ধরতে রবিবার আয়োজন করা হয় প্রস্তুতি সভার।
বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. নূরন নবীর সভাপতিত্বে এবং সদস্যসচিব ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সম্মেলনের প্রধান সমন্বয়কারী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আব্দুর রহিম বাদশা, এ্যানী ফেরদৌস, গোলাম মোস্তফা খান মিরাজ, ফাহিম রেজা নূর, অধ্যাপিকা হুসনে আরা বেগম, মিশুক সেলিম, শাহীন আজমল, নার্গিস আহমেদ, মীর চৌধুরী, ফারুক আজম, জীবন বিশ্বাস, মনজুর কাদের, শুভ রায়, গোপন সাহা, গোপাল সান্যাল, কবির কিরণ, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, মনিকা রায় চৌধুরী, আশরাফ আলী খান লিটন, গোলাম ফারুক ভূইয়া, আকবর হায়দার কিরণ প্রমুখ।
সভায় জানানো জয়, বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের বাজেট ধরা হয়েছে আনুমানিক এক লাখ ডলার। সেমিনার-সিম্পোজিয়াম, তথ্যচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয় বাংলা কনসার্ট, বঙ্গবন্ধুকে নিয়ে কাব্য জলসা, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনী ও বাঙালির স্বাধিকার আন্দোলনের তথ্য জানানো ইত্যাদি কর্মসূচির সমর্থনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
