বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার টরন্টোতে বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পত্র-পত্রিকায় বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা কানাডায় পাচারের খবর প্রকাশিত হয়। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে তীব্র শীত, তুষারপাত, মাইনাস ৮ তাপমাত্রা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নিন্দা প্রকাশ করেন এবং কালো টাকার মালিকদের কানাডায় প্রতিহতের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে সাংস্কৃতিক কর্মী আহমেদ হোসেন ইত্তেফাককে বলেন, বাংলাদেশকে উজাড় করে জনগণের কষ্টার্জিত টাকা এনে একশ্রেণির লুটেরা কানাডায় এসে বেগমপাড়া গড়ে তুলছে, নগদ টাকায় মিলিয়ন ডলারের বাড়ি কিনছে, লোকদেখানো ব্যবসা করছে, মূলত তারা দুই দেশেরই ক্ষতি করছে। তাই আমরা বিদেশে অবস্থান করেও এই দুর্নীতির প্রতিবাদ করছি।
মোহাম্মদ বাশার বলেন, এরা শত শত, হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করে রাজকীয় জীবন যাপন করছে। এজন্য দেশে-বিদেশে আন্দোলন গড়ে তোলা জরুরি। আমরা টরন্টো থেকেই সেই ডাক দিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে টরন্টোর বাইরে থেকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দূর-দূরান্তের প্রবাসীরা সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে সমর্থন জানায় আওয়ামী লীগের অন্টারি শাখা। অন্টারি শাখার নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
