একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিষিদ্ধ করছে চীন। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করে এই দেশ। রবিবার চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন প্লাস্টিক-সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করে জানিয়েছে, আগামী পাঁচ বছর ধরে নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে।
নতুন নীতিমালায় উল্লেখ করা হয়, ২০২২ সালে সব শহর ও মফস্বল এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হলেও তাজা পণ্য বিক্রয়কারী বাজারগুলোকে ২০২৫ সাল পর্যন্ত নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে।
এদিকে পশ্চিমা ১৩টি উন্নত দেশের দেড়শ কনটেইনার প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত বছরের শেষ চার মাসে এগুলো ফেরত পাঠানো হয়। গতকাল দেশটির পরিবেশমন্ত্রী ইয়ো বি ইন হুঁশিয়ারি দেন, ‘যারা আমাদের বিশ্বের ময়লার ঝুড়ি বানাতে চায়, তারা সেই স্বপ্ন দেখতে থাকুক।’
মন্ত্রী জানান, বর্জ্য ফেরত পাঠানো দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, হংকং, জাপান, সিঙ্গাপুর, পর্তুগাল, চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও লিথুয়ানিয়া।—বিবিসি
ইত্তেফাক/এমআর
