সাভারে আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও স্থানীয় পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোষবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাশেম আলীর ছেলে মানিক আলী (৪০) ও বেল্লাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৪)।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, ঘোষবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ দেওয়ার খবরে অভিযান পরিচালিত হয়। এসময় সংযোগ দেওয়ার সময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ তাদের কারাদণ্ড দেন। এছাড়া ঘোষবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিকেল পর্যন্ত ওই এলাকার প্রায় ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন: পশ্চিম রেলে লুটপাটের সুনামি
এদিকে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মূলহোতা ইয়ারপুরের মজিবর রহমান ও আসলাম নামে এক ঠিকাদারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। অভিযানে তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি
