ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিরামহীন প্রচারণার মধ্যে মেয়র প্রার্থীদের মধ্যে পালটাপালিট অভিযোগও শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, সিটি নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবে। সেখানে আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিচ্ছে না। তারা এই নির্বাচন নিচ্ছে তাদের আন্দোলনের অংশ হিসেবে, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে। আমরা এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিয়েছি। অন্যদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা প্রসঙ্গে বলেন, ‘হামলার বিষয়ে এখনো শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সব সময় উন্নয়নের কথা বলে আসছি, এখনো বলব, আমরা চাই উন্নয়ন।’
মঙ্গলবার দুপুরে রায় সাহেব বাজার মোড়সংলগ্ন ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি আধুনিক প্রযুক্তি। এটা নিয়ে আমি এখন পর্যন্ত কারোর শঙ্কার কথা শুনিনি। ঢাকাবাসী সাদরে এটা গ্রহণ করেছে। আমি মনে করি, আধুনিক প্রযুক্তি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে।’ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসী আমাদের উন্নয়নের রূপরেখা সাদরে গ্রহণ করেছে। সে সঙ্গে তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে পহেলা ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে রায় প্রদানের জন্য। এর মধ্য দিয়ে একটি নবযাত্রা আমরা শুরু করব। আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে পাঁচটি রূপরেখা দিয়েছি। প্রথমত, আমাদের ঐতিহ্যের ঢাকা; দ্বিতীয়ত, আমাদের সুন্দর ঢাকা; তৃতীয়ত, আমাদের সচল ঢাকা; চতুর্থত, আমাদের সুশাসিত ঢাকা; পঞ্চম, আমাদের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তোলার নবযাত্রা। আমি বিশ্বাস করি, এই নবযাত্রায় ঢাকাবাসী দলমত নির্বিশেষে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবে।’ পরে তাপস সুত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ইসলামপুর এলাকায় নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর বেরাইদ মুসলিম হাই স্কুল মাঠে নির্বাচনি পথসভায় ঢাকায় উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বেরাইদ ও সাঁতারকুল এলাকাকে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়ী হলে রাজধানীর উত্তরাঞ্চলের দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্বারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ একনেকে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে এরই মধ্যে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। কোনদিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন ও ফুটপাত হবে তা নগর পরিকল্পনাবিদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে। আতিকুল ইসলাম বলেন, আমি যদি পুনরায় মেয়র নির্বাচিত হতে পারি তাহলে বেরাইদ এলাকায় যেসব খাল রয়েছে সেগুলোকে রামপুরা হাতিরঝিলের চেয়ে আরো সুন্দর এবং দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে। পথসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, চলচ্চিত্র অভিনেতা নায়ক ফেরদৌসসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
