চিকিত্সায় রোধ করা যায় নিউমোনিয়া

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৫৯

সারা বিশ্বে শিশুদের জন্য একটি ঘাতক ব্যাধি নিউমোনিয়া। বিশ্বে প্রতিবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী ১০ লাখ শিশু মৃত্যুবরণ করে। শুধুমাত্র বাংলাদেশেই ১৭ হাজার ৪শ ১৬ শিশু মৃত্যুবরণ করে। যা গড়ে প্রতিঘন্টায় ২ জন শিশু মারা যাচ্ছে। এসডিজি পূরণে ২০৩০ সালের মধ্যে ৫ বছরের কম বয়সি শিশু মৃত্যু হাজারে ২৫ নামিয়ে আনতে নিউমোনিয়ায় শিশু মৃত্যু অবশ্যই কমাতে হবে। আশার কথা হচ্ছে, নিউমোনিয়া এমন একটি রোগ যা প্রতিরোধ ও চিকিত্সায় প্রতিহত করা যায়। কিন্তু এ মানুষের অসচেতনতা, এ রোগ সম্পর্কে না জানা এবং সময়মত চিকিত্সকের কাছে না যাওয়ার কারণে এ রোগে শিশু মৃত্যু আশানুরূপ কমানো যাচ্ছে না।

গতকাল সোমবার নানা আয়োজনে পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস—২০১৮। এ উপলক্ষে শিশু হাসপাতালের ‘বিআইসিএইচ’ অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিত্সকরা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে ঢাকা শিশু হাসপাতাল এবং চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশন (সিএইচআরএফ) এই সেমিনারের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় ঢাকা শিশু হাসপাতাল এবং চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনসহ অন্যান্য সহযোগী সংগঠন।

সেমিনারে উপস্থিত প্রধান অতিথি ছিলেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেডিয়েট্রিক এসোসিয়েশন (বিপিএ) প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ এবং বিপিএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী। সেমিনারে নিউমোনিয়ার চিকিত্সা বিষয়ে বক্তব্য রাখেন হাসপাতালের শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান পেডিয়েট্রিক রেসপাইরেটরী মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমোনিয়ার টিকা নিয়ে বক্তব্য রাখেন বালাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের মাইকোবায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সাহা। নিউমোনিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, আদ-দ্বীন মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়েটিকস অধ্যাপক এ আর এম লুত্ফুল কবীর, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পেডিয়েট্রিকস অধ্যাপক এম এখলাসুর রহমান। এ ছাড়াও ঢাকা শিশু হাসপাতালসহ দেশের শিশু চিকিত্সকরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বালাদেশ পেডিয়েট্রিক পালমনোলজি ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আবিদ হোসেন মোল্লা।