রাজশাহী মহানগরীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সন্ধ্যা নামলেই মহানগরীর প্রধান সড়ক এমনকি পাড়া-মহল্লার সড়কেও ওত পেতে থাকা ছিনতাইকারীর দল সুযোগ বুঝে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছে পথচারীদের ওপর। অস্ত্রের আঘাত ও জিম্মি করে ছিনতাইকারীরা কেড়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার। শান্তির জনপদ হিসেবে পরিচিত রাজশাহী শহরে ছিনতাইয়ের ঘটনায় প্রাণও হারিয়েছে কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাহিরে বললেই চলে। উদ্ধার হচ্ছে না খোয়া যাওয়া মালপত্র। তবে পুলিশের দাবি, নগরীতে টহল বাড়ানো হয়েছে।
জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে নগর ভবন সংলগ্ন রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) তিন ছাত্র। তাদের মধ্যে ছুরিকাহত দুইজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মিরু আহমেদ (২৩) ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম (২৩)। এসময় ছিনতাইকারীরা স্মার্টফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এর আগে রবিবার বিকালে নগরীর দোসর মণ্ডলের মোড়ে অটোরিকশার চালক আবদুর রউফকে (১৮) ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত রউফকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি নগরীর উপশহর এলাকায় সকালে বৃদ্ধা জিনাতুন নেছা (৬০) হাঁটতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। দুই যুবক মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ওই বৃদ্ধার গলা থেকে দুটি সোনার চেইন এবং একটি কানের দুল খুলে নিয়ে যায়।
আরও পড়ুন: ঢাবিতে শিবির সন্দেহে ৪ ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
গত বছরের ৬ আগস্ট ভোরে ছিনতাইকারীর রামদার আঘাতে প্রাণ হারান রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ফারদিন ইসনা আশারিয়া রাব্বি (১৮)। ঈদ-উল আজহার ছুটিতে দিনাজপুরের পার্বতীপুরের বাড়ি যাবার পথে খুন হন রাব্বি। ছাত্রাবাস থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে যাবার পথে নগরীর বর্ণালী মোড় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। একই মাসে নগরীর উপকণ্ঠ কুখণ্ডী বাইপাস এলাকায় সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র গরু ব্যবসায়ী জরিপ মৃধাকে (৩৬) ছুরিকাঘাত হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া গত ২১ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে মার্কিন প্রবাসী এক নারীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শহরের বর্ণালী মোড়, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, দড়িখড়বোনা, কাদিরগঞ্জ, কোর্ট স্টেশন, সাহেববাজার, কলাবাগান, ভদ্রা আবাসিক, উপশহর, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে গত বছরের ১৯ সেপ্টেম্বর পুলিশ পাঁচ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। অটোরিকশার ভেতর অস্ত্রের মুখে রায়হানা আক্তার জাহান নামের এক নারীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সময় ধরা পড়েন তারা।
এদিকে গত ২৯ আগস্ট সন্দেহবশত তল্লাশির সময় টহল পুলিশের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায় তিন ছিনতাইকারী। পরে পুলিশ তাদের আটক করে। দিনদুপুরে নগর ভবনের পাশেই কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরির আঘাতে মাইনুল ইসলাম নামে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক আহত হন। নগরবাসীর অভিযোগ, পুলিশের টহল কমে যাওয়ায় নগরীতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পাঁচ-ছয় মাস আগে শহরে ছিনতাইকারী একটু বেড়েছিল। মাঝে কমেছে। ইদানিং আবার ছিনতাইকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাচ্ছি। ছিনতাই ঠেকাতে নগরীতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। তারপরও দু’একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটে যাচ্ছে।
ইত্তেফাক/এসি
