তৌহিদুল আলম মিল্কী। পেশায় ব্যবসায়ী, কিন্তু গান-কবিতায় বিচরণ তার শৈশব থেকেই। গিটার হাতে গান গেয়ে স্কুল-কলেজের গণ্ডি মাতিয়ে দিতে পারতেন খুব সহজেই। গান লিখতেন, সুর দিতেন। সেই গান বন্ধু-বান্ধবদের গেয়ে শোনাতেন, মতামত নিতেন কেমন হচ্ছে? ঐসব গানের একটা খণ্ড কবিতার রূপ নিয়ে ১৯৮৯ সালের বইমেলায় ‘যে আমি শুধুই তোমার’ শিরোনামে কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছিল। সম্প্রতি জনপ্রিয় কয়েকজন শিল্পী গেয়েছেন তার লেখা এবং সুরারোপিত ছয়টি গান। এই গানগুলো প্রকাশের জন্য নতুন প্লাটফর্মও বানিয়েছেন তিনি ‘আকাশবাড়ি কমিউনিকেশনস’ নামে। স্বনামখ্যাত হলিডে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল কোম্পানি আকাশবাড়ি হলিডেজের অঙ্গ প্রতিষ্ঠান এই আকাশবাড়ি কমিউনিকেশনস। তিনি এই দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এখন তার পরিকল্পনা নিজের লেখা এবং সুর করা গানগুলো তিনি তুলে দেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে একসঙ্গে নতুন ছয়টি গান মুক্তি পাচ্ছে আকাশবাড়ি কমিউনিকেশনসের ইউটিউব চ্যানেলে। বেলাল খান, এফ এ সুমন, সুফি গানের শিল্পী শফি মণ্ডল ও পলাশের কণ্ঠে রেকর্ড করা হয়েছে তার কথা, সুর ও সংগীত পরিচালনায় পাঁচটি গান, মিল্কী নিজেও গেয়েছেন একটি গান। গানগুলোর সংগীত আয়োজন করেছেন তমাল হাসান। বেলাল খানের কণ্ঠে ‘আমি একটু একটু করে.. যাচ্ছি দূরে সরে’ শীর্ষক গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আকাশবাড়ির ইউটিউব চ্যানেলে। বাকি গানগুলো মুক্তি পাবে শীঘ্রই। মিল্কী বলেন, ‘আকাশবাড়ি কমিউনিকেশনস সবার জন্যই। এটি প্রফেশনাল অ্যাঙ্গেলেই মুভ করবে। পেশাদার জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল এবং গান নিয়ে যারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য সর্বোচ্চ সুযোগ প্রদানের একটি প্লাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।’
