বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে ভারত

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৭

প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে ভারত। বিশেষত সরাসরি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে দেশটির আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের ভারতীয় প্রকৌশল পণ্যের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আগ্রহের কথা জানান। আর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আশা করছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ৯ বিলিয়ন (৯০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্রমেই বাড়ছে এবং ব্যবসা ও বিনিয়োগের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ভারতের অংশীদারিত্ব বাড়বে। এ লক্ষ্যে ভারত ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বাড়াবে।

‘ইন্ডি বাংলাদেশ ২০২০’ নামে ভারতীয় ইঞ্জিনিয়ারিং পণ্যের ঐ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইইপিসি) এ প্রদর্শনীর আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, ভারতীয় উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ একটি পৃথক অর্থনৈতিক অঞ্চলের সুবিধা দেবে। তিনি এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে উত্পাদিত পণ্য ভারতে রপ্তানির সুবিধা নিতে দেশটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের উদার নীতি গ্রহণের কারণে এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার আকর্ষণীয় প্রণোদনাসহ ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)  প্রাথমিক তথ্যসেবা থেকে শুরু করে নিবন্ধন পর্যন্ত সর্বাত্মক সহায়তা দিচ্ছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় অনেক স্বনামধন্য উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ৯ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান রভি শেহগাল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মহেশ কে দেশাই প্রমুখ।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রদর্শনী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে ভারতের শতাধিক প্রকৌশল উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান তাদের উত্পাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ইন্ডি প্রদর্শনীতে শীর্ষস্থানীয় ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং ভারত আর্থ মোভার্সের মতো বৃহত্ প্রতিষ্ঠানও অংশ নিয়েছে।