ভর্তি পরীক্ষা ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বরে করার চিন্তা

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করায় সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রেও নতুন করে ভাবতে হচ্ছে।

দেশের সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা প্রথমে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ছিল। কিন্তু, প্রথম দফায় ২৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ছাড়া সব ধরনের পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। এ ভাবনা থেকে ১০ তারিখের পূর্বে বা নির্বাচনের পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের চিন্তা ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। কিন্তু গতকাল সোমবার নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করে। এর ফলে নির্বাচনের আগেই পরীক্ষা নেওয়ার কথা নতুন করে ভাবছে অধিদপ্তর।

মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান ইত্তেফাককে বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন চিন্তাভাবনা চলছে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। স্কুলের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। এ সংক্রান্ত নির্দেশনা স্কুলগুলোকে পাঠানো হয়েছে।