নবাবগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:৩৬

ঢাকার নবাবগঞ্জে কনের বিয়ে বাড়িতে হামলা চালিয়ে চার জনকে কুপিয়ে ও পিটিয়ে কান ও হাত ছিন্নসহ জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোটো গোল্লা চকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় কনের সাবেক স্বামীর পরিবারসহ ১২-১৩ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত অনিল বাড়ৈ, রণজিত্ বাড়ৈ, বিশখা বাড়ৈ ও পূর্ণিমা বাড়ৈকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা একই পরিবারের সদস্য বলে জানা যায়।

জানা যায়, বুধবার ঐ গ্রামের অনিল বাড়ৈর মেয়ে আণিকা বাড়ৈর বিয়ের দিন ছিল। ভোরে ছিল গায়ে হলুদ।

আহত অনিল বাড়ৈর বড়ো মেয়ে মুক্তা রায় অভিযোগ করে জানান, কয়েক বছর আগে বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের জয়ন্ত মল্লিকের সঙ্গে ছোটো বোন আণিকার বিয়ে হয়। নেশাগ্রস্ত স্বামীর সঙ্গে প্রায় এক বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। গতকাল বুধবার ছোটো বোনের দ্বিতীয় বিয়ের তারিখ ধার্য ছিল। হিন্দু ধর্মমতে ভোরে অধিবাস (গায়ে হলুদ) হওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৩টার দিকে ভাই রণজিত্ বাড়ৈ  প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। ওদিকে বাড়ির উঠানে আগে থেকে ওতপেতে থাকা সাবেক স্বামী জয়ন্ত মল্লিকসহ ১২-১৩ জনের সশস্ত্র একটি দল ঘরের বাইরে যাওয়া মাত্র রণজিেক ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার চিত্কার শুনে রণজিতের স্ত্রী পূর্ণিমা বাড়ৈ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরবর্তী সময়ে বাবা অনিল বাড়ৈ ও মা বিশখা বাড়ৈকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। ভোরেই আহতদের চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়।