বনানীর সাউথ এশিয়া ইউনিভার্সিটিতে সুচিন্তার জঙ্গিবাদবিরোধী সেমিনার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৯:০২

‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশনের নিয়মিত জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের এবারের সেমিনারটি আয়োজন করা হয়েছিল রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর-৪ আসনের সাংসদ মেজর (অব.) আব্দুল মান্নান এমপি, দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদের মধ্যে কোন পার্থক্য নেই। ধর্মকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্যে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটায়। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদের উষ্কানিদাতা। ইসলামে জঙ্গিবাদের কোন সুযোগ নেই। ইসলামের যে শান্তি ও শীতলতা, মানবিকতা ও ঔদার্য্য তাতে আকৃষ্ট হয়ে আমাদের পূর্ব-পুরুষেরা ইসলাম ধর্ম গ্রহন করেন। কোন ধরনের জঙ্গিবাদের সুযোগ সেখানে ছিল না। আমাদের নবীজী (সা.) এর মদিনা সনদের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সেখানে অন্য ধর্মের মানুষ কত নিরাপদ ছিল। আজকে কারা ধর্মীয় উগ্রবাদ তৈরী করতে চাচ্ছে তা তরুণদের বুঝতে হবে। পাশাপাশি জঙ্গিবাদকে রুখতে হবে তরুণদেরই। আমাদের দেশে জঙ্গিবাদ চাড়া দিয়ে ওঠার আগেই জননেত্রী শেখ হাসিনার সাহসি পদক্ষেপের কারণে আজ বাংলাদেশ জঙ্গিবাদের ভয়ংঙ্কর থাবা থেকে রক্ষা পেয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সময়টা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, শেখ হাসিনার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টরারেন্স নীতি এই জাতিকে রক্ষা করেছে। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে সব সময়।

দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশের মাটি জঙ্গিবাদের জন্য উর্বর নয়। এদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র। এই রাষ্ট্রে জঙ্গিবাদের স্থান কোনদিন হবে না। কিন্তু আন্তর্জাতিক শক্তি বসে নেই, তারা চায় ইসলামিক দেশগুলোকে জঙ্গিবাদের আখড়ায় পরিনত করতেন-তাতে তাদের অর্থ ও সাম্রাজ্য বিস্তারের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, তরুণরাই শক্তি। আগামীতে তরুণরাই এদেশকে পুরোপুরি জঙ্গিবাদমুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানের প্রায় শেষে এসে যোগ দেন চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি সকল ধর্মে মানবতাবাদের কথা বলা হয়েছে। লোভ ও হিংসা থেকে দূরে থাকতে বলা হয়েছে সব ধর্মেই। তাহলে সহজেই বোঝা যায়, ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করতে উষ্কে দেয়; তারা আর যাই হোক কোনভাবেই ধার্মিক নয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক এম. দিলদার হোসেন। তিনি শিক্ষার্থীদের ধর্ম সম্পর্কে জানার পরার্মশ এবং একাডেমিক পড়াশুনার পাশাপাশি ধর্ম ও সাহিত্য চর্চায় আগ্রহী হতে বলেন। প্রত্যেকের জায়গা থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি। এই আয়োজনের সুচিন্তা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সুচিন্তার গবেষণা সেলের পক্ষ থেকে আশরাফুল আলম শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলাম ধর্মে জঙ্গিবাদ সমর্থন-অসমর্থন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলার সম্পাদক জববার হোসেন।

ইত্তেফাক/আরকেজি