মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানির দ্বিতীয় দিনে সাক্ষী নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা।খবর বিবিসির।
বুধবার মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুনানীতে রিপাবলিকানরা মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তার ছেলেকে সাক্ষী হিসেবে ডাকার আহ্বান জানালে ডেমোক্র্যাটরা সেই আহ্বান প্রত্যাখ্যান করে। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন তিনি সাক্ষ্য হিসেবে শুনানিতে অংশ নেবেন না। এদিকে ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে সাক্ষী হিসেবে ডাকার দাবি জানান। তবে জন বল্টন সাফ জানিয়ে দিয়েছে আইনী প্রক্রিয়ায় তাকে না ডাকা হলে ট্রাম্পের মামলায় তিনি সাক্ষ্য দেবেন না।
প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকে বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের বিচারের জন্য শপথ নিয়েছে সিনেটের ১শ’ আইনপ্রণেতা শপথ নিয়েছেন। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পাবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে তার স্থলে নতুন প্রেসিডেন্ট হবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আগামী সপ্তাহের মধ্যে শেষ হতে পারে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি।
ইত্তেফাক/এআর
